রাজবাড়ীতে ছাত্রদলের কর্মিসভায় ধাওয়া-পাল্টাধাওয়া চাপাতিসহ গ্রেপ্তার ১
রাজবাড়ী জেলা ছাত্রদলের কর্মিসভা গতকাল মঙ্গলবার দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় র্যাব চাপাতিসহ এক কিশোরকে গ্রেপ্তার করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ ১১ বছর পর রাজবাড়ী জেলা ছাত্রদলের কমিটি গঠন উপলক্ষে গতকাল শহরের আযাদী ময়দানের রেলওয়ে হলে কর্মিসভার আয়োজন করা হয়। এ সময় দীর্ঘদিনের বিরোধপূর্ণ ছাত্রদলের দুই পক্ষই জাতীয়তবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানানোর চেষ্টা করে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিনসহ কেন্দ্রীয় কমিটির অন্য নেতারা আযাদী ময়দানে পৌঁছালে দুই পক্ষই আলাদা আলাদা স্লোগান দিতে শুরু করে। সভার কাজ শুরু হলে ফুলের তোড়া দেওয়া নিয়েও বিরোধ সৃষ্টি হয়। জেলা ছাত্রদলের এক পক্ষের সঙ্গে জেলার পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের মধ্যে মিষ্টি বিতরণ নিয়ে বিরোধ দেখা দিলে কেন্দ্রীয় নেতারা তাঁদের হলরুমের বাইরে বের করে দেন। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় হাতাহাতি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজবাড়ী থানার পুলিশ ও র্যাব-৮ রাজবাড়ী ক্যাম্পের একাধিক দল আযাদী ময়দান এলাকায় পৌঁছালে অস্ত্রধারী যুবকেরা চিত্রা প্রেক্ষাগৃহসংলগ্ন খাল এলাকায় কিছু অস্ত্র লুকিয়ে রাখে এবং কেউ কেউ অস্ত্র ফেলে দিয়ে এলাকা ত্যাগ করে। পরে র্যাব ওই খাল থেকে তল্লাশি চালিয়ে একটি ধারালো চাপাতিসহ শহরের ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকার মিলন বেপারির ছেলে জিহাদ (১৫) নামের এক কিশোরকে গ্রেপ্তার করে। দুপুর ১২টায় অনুষ্ঠিত ছাত্রদলের কর্মিসভায় জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আলমগীরের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, সহসাধারণ সম্পাদক জাবেদ হাসান, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।