রাজবাড়ীতে জমি নিয়ে হামলায় আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে জমি নিয়ে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় জালাল মোল্লাকে ঢাকা এবং আফছার মোল্লা ও মোস্তফা মোল্লা নামের দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত শফিকুর রহমান জানান, জমির সীমানা নিয়ে গ্রামের মোসলেমদের সঙ্গে তাঁদের ঝামেলা চলছিল। বুধবার সকালে স্থানীয় বারোবাকপুর বাজারে উভয়পক্ষের মধ্যে সালিস হওয়ার কথা ছিল। কিন্তু মোসলেম পক্ষের লোকজন অস্ত্র নিয়ে আসায় তাঁরা সালিসে বসেননি। পথে তাঁদের আক্রমণ করলে পাঁচজন গুরুতর আহত হন। মোসলেম মোল্লার ছেলে রুবেল জানান, জমি নিয়ে ঝামেলা থাকায় তাঁদের বাড়িতে খাওয়ার সময় হামলা চালায়। এতে তাঁদের পরিবারের মহিলাসহ পাঁচজন গুরুতর আহত হন।