রাজবাড়ীতে জেলা জাসাসের সভাপতিকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি শেখ আবদুর রউফকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের সজ্জনকান্দার তিন নম্বর বেড়াডাঙ্গার হাকিম মিয়ার মোড়ে এ ঘটনা ঘটে।

রউফ শহরের ভোকেশনাল রোড এলাকার সৈয়দ আলী মিয়ার ছেলে। তিনি অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজের সহযোগী শিক্ষক।
রউফের সঙ্গে থাকা মেহেদী হাসান জানান, বাড়ি থেকে মোটর সাইকেলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে সভায় অংশগ্রহণের জন্য তাঁরা বের হন। পথে তিন নম্বর বেড়াডাঙ্গা এলাকার হাকিম মোড়ে চা খেতে বসলে অস্ত্র হাতে কয়েকজন তরুণ তাদের দিকে এগিয়ে আসেন। বিপদ বুঝতে পেরে তিনি দৌড়ে পালাতে সক্ষম হলেও দুর্বৃত্তরা জাসাস নেতাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।
অধিকতর উন্নত চিকিত্সার জন্য রাত পৌনে দশটার দিকে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) রেজাউল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনো মামলা দায়ের করা হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।