রাজবাড়ীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু
রাজবাড়ীতে গতকাল শনিবার বিকেলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকেলে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। তিনি বলেন, বাংলাদেশের ম্যাজিক হলো শেখ হাসিনা। তাঁর জাদুতে এখন দেশে একটি মানুষও না খেয়ে থাকে না। বাংলাদেশ একটি আর ‘তলাবিহীন ঝুড়ি’ নয়, সম্ভাবনার এক দেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিনাত আরা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আবদুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নূর মহল আশরাফী প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সূচনা সংগীত পরিবেশন করেন। এরপর সরকারি শিশু সদন ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে।
পরে খেলোয়াড়দের সঙ্গে অতিথিদের পরিচিতি পর্ব শেষে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী সদর একাদশ ২-১ গোলে পাংশা উপজেলা একাদশকে পরাজিত করে।