রাজবাড়ীতে ট্রাকচাপায় নিহত ২, আহত ৩
রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের ইটভাটা মোড় এলাকায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আহত ব্যক্তিদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মাছপাড়া ইউপির জয়গ্রামের বাসিন্দা রাজিয়া বেগম (৪৮) ও জবেদা খাতুন (৬২)।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, একটি ভ্যান চারজন যাত্রী নিয়ে মাছপাড়া থেকে পাংশা শহরের দিকে যাচ্ছিল। ভ্যানটি মাছপাড়া ইটভাটা মোড় এলাকায় পৌঁছালে গোয়ালন্দ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে জবেদা খাতুন মারা যান।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন বলেন, ট্রাক আটক করা হয়েছে। ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাংশা থানায় একটি মামলা হয়েছে।