রাজবাড়ীতে তরুণ গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া এলাকা থেকে গতকাল শনিবার বশির উদ্দিন (২৭) নামের এক তরুণকে আটক করেছে র্যা ব। পরে তাঁর দেওয়া তথ্য মোতাবেক, দুটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
বশির রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রামের মো. আজিজুল হকের ছেলে।
র্যা ব-৮ ফরিদপুরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল গতকাল ভোররাত সোয়া তিনটার দিকে বশিরের বাড়িতে অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. রইছ উদ্দিন ও কোম্পানি স্কোয়াড অধিনায়ক মো. হুমায়ুন কবির। অভিযানকালে নিজ বাড়ি থেকে বশিরকে আটক করা হয়। একপর্যায়ে তিনি স্বীকার করেন, তাঁর কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। এরপর বশিরের টিনশেড ঘরের কোনায় অবস্থিত কাঁঠালগাছের গোড়ার মাটি খুঁড়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন, পাঁচটি তাজা গুলি ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
র্যা ব বলছে, বশির নিষিদ্ধঘোষিত পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সদস্য। তাঁর বিরুদ্ধে গতকাল দুপুরে রাজবাড়ী সদর থানায় মামলা হয়েছে। ওই মামলায় আজ রোববার তাঁকে আদালতে পাঠাবে পুলিশ।