রাজবাড়ীতে তামাক চাষ ১৭ গুণ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ দিবসটি কী এবং তামাক সেবন করার প্রভাব কত ভয়াবহ হতে পারে, তা অনেকেই জানে না। এ রকম সচেতনতার অভাব ও তামাক কোম্পানির লোকজন কৃষকদের নানাভাবে সহায়তা করায় রাজবাড়ীতে গত দুই বছরে তামাক চাষ প্রায় ১৭ গুণ বেড়েছে। রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অন্যান্য ফসলের তুলনায় দুই থেকে তিন গুণ বেশি লাভ হওয়ায় জেলায় ধানসহ অন্যান্য ফসলের চাষ কমে যাচ্ছে। তামাক কোম্পানিগুলো সময়মতো বীজ, সার ও কীটনাশক সরবরাহ করায় এখানের কৃষকেরা ব্যাপকভাবে তামাক চাষ করছেন। ২০০৭-০৮ অর্থবছরে জেলার সদর উপজেলায় পাঁচ হেক্টর, পাংশায় ১০ হেক্টর, বালিয়াকান্দিতে এক হেক্টর ও গোয়ালন্দে ১৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়। কিন্তু ২০০৯-১০ অর্থবছরে এসব স্থানে তামাক চাষ কয়েক গুণ বেড়ে যায়। এর মধ্যে সদর উপজেলায় ৯৫ হেক্টর, পাংশায় ২৫০ হেক্টর, বালিয়াকান্দিতে ১২ হেক্টর ও গোয়ালন্দে ১৪৬ হেক্টরে তামাকের চাষ হয়। গোয়ালন্দের বদিউজ্জামান ব্যাপারিপাড়ার কৃষক আবুল বিশ্বাস বলেন, ‘তামাকে অনেক লাভ হয়। পয়সা যেহানে বেশি, সেহানেই তো বেশি চাষ করমু। তয় তামাক যে অনেক খতি-টতি হয়, হে ব্যাপারে তো কেউ কহনই কিছু কয় নাই।’উজানচরের কৃষক ইসমাইল সরদার জানান, গত বছর তিনি প্রায় পাঁচ বিঘা জমিতে বেগুন, টমেটো ও মরিচ চাষ করেছিলেন। কিন্তু তাতে লোকসান হয়। এ কারণে তিনি এ বছর ১১ বিঘা জমিতে তামাক চাষ করেছেন। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের মানিকগঞ্জ কার্যালয়ের লোকজন বীজ ও সার সরবরাহ করেছে।ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের মানিকগঞ্জের মাঠকর্মী আকতার সরদার বলেন, শুধু গোয়ালন্দে ৫০০ কৃষক তামাক চাষ করেন। ক্ষতিকর প্রভাবের বিষয়টি জানার পরও অনেকে বেশি লাভের আশায় তামাক চাষ করেন। ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবুল হোসেন জানান, এক জমিতে পরপর তিন-চারবার তামাক চাষ করলে সে জমি অনুর্বর হয়ে পড়ে এবং ওই জমিতে অন্যান্য ফসল আর হয় না। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, সরকারিভাবে শুধু জেলা পর্যায়ে সভাসহ অন্যান্য কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকলে কোনো লাভ হবে না। মাঠপর্যায়ে তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে প্রচারণা চালাতে হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফারুক আহম্মেদ বলেন, প্রতি উপজেলা কৃষি কর্মকর্তাকে কৃষকদের তামাক চাষে নিরুৎসাহিত করতে বলা হয়েছে।সিভিল সার্জন সাইদুর রহমান বলেন, বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আজ সোমবার সকালে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তবে শুধু সভা ও শোভাযাত্রা বের করে দেশকে তামাকমুক্ত করা যাবে না। মাঠপর্যায়ে তামাকের ক্ষতিকর দিক তুলে ধরতে হবে।