রাজবাড়ীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ, নারীসহ আহত ৯
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রামে গত রোববার বিকেলে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয় পক্ষের নয়জন আহত হয়।
আহত ব্যক্তিদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম মণ্ডল ও মানোয়ার হোসেন মণ্ডলের পরিবারের সদস্যদের মধ্যে এই মারধরের ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন চরঘিকমলা গ্রামের বদর উদ্দিন মণ্ডলের ছেলে নুরুল ইসলাম মণ্ডল (৬০), আনোয়ার হোসেন মণ্ডল (৫০), নায়েব আলী মণ্ডল (৪৫), আবদুস সালাম মণ্ডল (৩৯) ও তোজাম মণ্ডল (৩৫), নুরুল ইসলাম মণ্ডলের ছেলে রব মণ্ডল (২৫), নায়েব আলী মণ্ডলের স্ত্রী চায়না বেগম (৪০) এবং অপর পক্ষের মনোয়ার হোসেন মণ্ডল (৫০) ও মাসুদ মণ্ডল (৩২)। তাঁরা গ্রামের বাজু মণ্ডলের ছেলে।
আহত নুরুল ইসলাম মণ্ডল অভিযোগ করেন, রোববার বিকেলে তিনি নিজের পাট খেতে পানি দিচ্ছিলেন। এ সময় মনোয়ারের ছেলে এরশাদ মণ্ডল সেই খেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এতে পাটগাছ নষ্ট হওয়ায় তিনি এরশাদকে জমির বাইরে দিয়ে হেঁটে যেতে বলেন। এ ঘটনার কিছুক্ষণ পরই এরশাদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ ব্যাপারে রাতেই বালিয়াকান্দি থানায় তাঁরা লিখিত অভিযোগ দিয়েছেন।
তবে প্রতিপক্ষের মনোয়ার হোসেন বলেন, এরশাদ পাট নষ্ট হওয়ার বিষয়টি বুঝতে না পেরে খেতের ভেতর দিয়ে যাচ্ছিলেন। ঘটনাটি জানতে পেরে তিনি নুরুল ইসলামের কাছে গিয়ে ক্ষমাও চান। কিন্তু তিনি তাঁকে খুব গালাগাল করেন। এতে করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) অঙ্কুর ভট্টাচার্য বলেন, মারামারির ঘটনায় ছয়জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।