রাজবাড়ীতে দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে সন্ত্রাসীরা বাধা দেওয়ায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন দুই কোটি টাকার রাস্তা সম্প্রসারণের কাজের দরপত্র জমা দিতে পারেননি কয়েকজন ঠিকাদার। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সাতজন ঠিকাদার সওজের রাজবাড়ী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।সওজ রাজবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে সওজের রাজবাড়ী-পাংশা-কুমারখালী-কুষ্টিয়া সড়ক সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুটি গ্রুপে প্রায় দুই কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। দুটি গ্রুপের মধ্যে এক নম্বর গ্রুপে ৮০ লাখ এবং দুই নম্বর গ্রুপে এক কোটি এক লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়। এই দুটি কাজের বিপরীতে ৩৮টি দরপত্র বিক্রি হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন সওজ কার্যালয়ে দরপত্র দাখিল করতে গেলে কিছু বহিরাগত সন্ত্রাসী তাঁদের (ঠিকাদারদের) বাধা দেয়। এ কারণে তাঁরা দরপত্র দাখিল করতে পারেননি।সওজের রাজবাড়ী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় জানান, দরপত্র জমা দেওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছিল। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।