রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ ১৪৪ ধারা জারি
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ও গতকাল বৃহস্পতিবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। এ সময় ওই বাজারের ১৬টি দোকান ভাঙচুর করা হয়। এ ঘটনায় বড় ধরনের সহিংসতার আশঙ্কায় উপজেলা প্রশাসন রতনদিয়া বাজারসহ তিন স্থানে ১৪৪ ধারা জারি করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার গঙ্গানন্দপুর এলাকার মোনাই শেখ তাঁর দুই ছেলেকে নিয়ে রতনদিয়া বাজারের সুবল সাহার দোকানে যান। ওই দোকানে তোফাদিয়া গ্রামের তিন যুবক মিষ্টি খাচ্ছিল। বেঞ্চের খালি জায়গায় মোনাই শেখ তাঁর এক ছেলেকে বসতে দিলে তিন যুবক উঠে মোনাই শেখকে মারধর করে। খবর পেয়ে গঙ্গানন্দপুরের কয়েকজন ব্যবসায়ী এগিয়ে এলে তাঁদের একজনকেও ধরে যুবকেরা মারধর করে। পরে যুবকেরা এলাকায় ফিরে গিয়ে আরও ৫০-৬০ জন নিয়ে বাজারে এসে গঙ্গানন্দপুরের ব্যবসায়ীদের সাত-আটটি দোকান ভাঙচুর করে। খবর পেয়ে গঙ্গানন্দপুর এলাকার ব্যবসায়ীরা বাজারে থাকা তোফাদিয়া গ্রামের ছয় ব্যবসায়ীর দোকান ভাঙচুর করেন। বৃহস্পতিবার সকাল নয়টায় তোফাদিয়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রতনদিয়া রেলস্টেশনে এসে জড়ো হয় এবং গোয়ালন্দ ঘাটগামী নকশিকাঁথা ট্রেন আটকে রাখে। খবর পেয়ে পুলিশ এবং র্যাবের সদস্যরা ঘটনাস্থলে এলে তারা ট্রেনটি ছেড়ে দেয়। এ সময় গঙ্গানন্দপুর গ্রামের শতাধিক মানুষ ওই রেলস্টেশনে আসে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।এ ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন কালুখালী বাজার রেলস্টেশন, মালিয়াট বাজার ও রতনদিয়া বাজার এলাকায় গতকাল সাড়ে ১০টা থেকে ১৪৪ ধারা জারি করে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী মোফাজ্জেল হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আ. হালিম, রকেট ও জনি নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।