রাজবাড়ী সদর উপজেলার নিমতলা এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়কে গত সোমবার রাতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও কমপক্ষে ৩০ জন। এ ছাড়া গতকাল মঙ্গলবার বাগেরহাট সদর উপজেলার শিমুলতলায় বাগেরহাট-পিরোজপুর সড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৭০ জন।রাজবাড়ী সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২টার দিকে নিমতলা এলাকায় ঢাকা থেকে পটুয়াখালীগামী পটুয়াখালী এক্সপ্রেস ও নড়াইল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পটুয়াখালী এক্সপ্রেসটি দুমড়ে মুচড়ে মহাসড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়। দুর্ঘটনায় পটুয়াখালী এক্সপ্রেসের যাত্রী পটুয়াখালীর মির্জাগঞ্জের গাবুয়া গ্রামের হেমায়েত মোল্যার স্ত্রী রুনু আক্তার (৩৫) ও তাঁর আড়াই বছরের ছেলে হাসিব মোল্যাসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া নড়াইলের কালিয়া উপজেলার নওয়া গ্রামের তবিবর রহমানের স্ত্রী নুরজাহান বেগম (৫৮) ও ওই বাসের চালক নাটোরের বরাইগ্রাম উপজেলার চৌদ্দমাতা গ্রামের মো. আবদুর রশিদ মারা যান বলে জানা গেছে। নিহত অপর এক নারীর পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল পাশা জানান, আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালেও নেওয়া হয়েছে।এসআই মোস্তফা কামাল আরও জানান, নিহত ব্যক্তিদের মধ্যে মা ও ছেলের লাশ তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম জানান, মোরেলগঞ্জ থেকে বাগেরহাট বাস টার্মিনালের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার ফতেপুর শিমুলতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অতিরিক্ত যাত্রীবোঝাই বাসটির তিন যাত্রী নিহত ও কমপক্ষে ৭০ জন আহত হয়।নিহত ব্যক্তিরা হলেন মোরেলগঞ্জের পিসি বারইখালী গ্রামের আজাহার হাওলাদারের স্ত্রী কুলসুম বেগম (২৮), তাঁর দেড় বছর বয়সী মেয়ে সনিয়া আক্তার ও মংলা উপজেলার বাজিকরখণ্ড গ্রামের আবদুস সালাম (৪৫)।পুলিশ, দমকলকর্মী ও স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়।বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মাসুদুর রহমান জানান, বাসের কমপক্ষে ৬২ জন যাত্রীকে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক সাতজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।