রাজবাড়ীতে দ্বৈত ভোটার ৪১৪ জন
রাজবাড়ী সদর উপজেলায় দুই স্থানে ভোটার হয়েছেন এমন ৪১৪ জনের সন্ধান পাওয়া গেছে। একটি জাতীয় পরিচয়পত্র রেখে অপরটি বাতিল করে দেওয়ার জন্য শুনানি আজ সোমবার শেষ হচ্ছে।ভোটার তালিকা আইন ২০০৯-এর ধারা ৯ (ক)(খ) অনুযায়ী, একাধিক নির্বাচনী এলাকা বা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া শাস্তিযোগ্য অপরাধ। এ ছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন ও তদসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিধিমালার ১৫ নম্বর ধারা অনুযায়ী কেউ একাধিক পরিচয়পত্র গ্রহণ করলে অনূর্ধ্ব এক বছরের কারাদণ্ড বা অনধিক ২০ হাজার টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে একটি পরিচয়পত্র বাতিল করতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, অসচেতনতার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এঁদের কেউ নদীতে বসতবাড়ী বিলীন হওয়া, বিবাহবিচ্ছেদ, প্রকৃত বয়সের চেয়ে বয়স বাড়িয়ে ভোটার হওয়ার পর প্রাপ্ত বয়সে আবারও ভোটার হওয়া প্রভৃতি কারণে দুই স্থানে ভোটার হয়েছেন।রাজবাড়ী সদরের রামকান্তপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের জলি বেগম বলেন, ‘আমি এক জায়গায় একবারই ভোটার হয়েছি। কিন্তু আমি দুই জায়গায় ভোটার হয়েছি বলে কর্তৃপক্ষ চিঠি দেওয়ায় হাজির হয়েছি।’সদর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ছবিসহ ভোটার তালিকা তৈরির সময় অনেকেই হাতের ছাপ না দিয়ে চলে যাওয়ায় কারও কারও আঙুলের ছাপ দুবার নেওয়া হয়েছে। তবে সংখ্যাটি খুবই কম। সূত্র জানায়, দুই মেয়াদে যথাক্রমে ২৭০ ও ১৪৪ জন করে মোট ৪১৪ জন ভোটার দুই স্থানে তালিকাভুক্ত হয়েছেন।রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহামঞ্চদ জাহিদ হোসেন বলেন, অসচেতনতার জন্যই দুই স্থানে ভোটার হওয়ার ঘটনা ঘটেছে। একটি জাতীয় পরিচয়পত্র বাতিলের বিষয়ে শুনানিতে উল্লেখযোগ্য সাড়া পাওয়া গেছে। শুনানি শেষে তাঁদের পছন্দমতো একটি পরিচয়পত্র রেখে এর তালিকা নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠিয়ে দেওয়া হবে।