রাজবাড়ীতে নতুন করে ৫৪ জনের করোনা পজিটিভ
রাজবাড়ীতে আজ শনিবার মোট দুই ধাপে মোট ৫৪ জনের দেহে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ শনিবার সকালে ও বিকেলে এসব ফল পাওয়া যায়। বিকেলে ফলাফলে এক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাঁচজন চিকিৎসক রয়েছেন। এতে জেলায় মোট করোনায় সংক্রমিতদের সংখ্যা দাঁড়াল ২০৬।
সিভিল সার্জনের কার্যালয়ের তথ্যানুযায়ী, ১৪ ও ১৫ জুন এসব নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। বিকেলে পাওয়া ১৪১ জনের নমুনায় ৪১ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে বালিয়াকান্দি উপজেলায়। তাঁদের মধ্যে রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), দুজন চিকিৎসকসহ মোট ১৫ জন। কালুখালী উপজেলায় তিনজন চিকিৎসক, সাতজন স্বাস্থ্যকর্মীসহ মোট ১৩ জন। সদর উপজেলায় ৮ জন। গোয়ালন্দ উপজেলায় ৩ জন। গোয়ালন্দে এক সাংবাদিক দম্পতি রয়েছেন। অপর দিকে পাংশায় সংক্রমিত হয়েছেন দুজন।
এদিকে আজ সকালে মোট ৯৮ জনের করোনা পরীক্ষার নমুনা পাওয়া গেছে। এঁদের মধ্যে সদর উপজেলায় ৮, বালিয়াকান্দিতে ৩ ও কালুখালী উপজেলায় ২ জনসহ মোট ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। সদর উপজেলায় সংক্রমিতদের একজন এসপি অফিসের কর্মকর্তা। তিনি সিআইডির উপসহকারী পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন। এ ছাড়া অন্য সাতজনের মধ্যে শহরের সজ্জনকান্দার তিনজন, লক্ষ্মীকোলের একজন, মিজানপুর ইউনিয়নের বড়লক্ষ্মীপুর গ্রামের একজন, চন্দনী ইউপির বাড়াইজুরি গ্রামের একজন ও পাঁচুরিয়া ইউপির আন্ধারমানিক গ্রামের একজন।
এ ছাড়া বালিয়াকান্দি উপজেলার সংক্রমিতদের মধ্যে একজন চিকিৎসা কর্মকর্তা, আরেকজন পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী রয়েছেন। কালুখালী উপজেলায় গঙ্গানন্দপুর ও মৃগীতে একজন করে করোনা পজিটিভ শনাক্ত হন।
বালিয়াকান্দির ইউএনও এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, ‘আমি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
সিভিল সার্জন নুরুল ইসলাম বলেন, সব মিলিয়ে আজ বিকেল পর্যন্ত রাজবাড়ীতে মোট সাতজন চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বালিয়াকান্দি ইউনিয়নের চারটি ওয়ার্ড রেডজোন ঘোষণা করা হয়েছে। চিকিৎসক সংক্রমিত হওয়ায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি চিকিৎসাসেবা ছাড়া ভর্তি ও বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রাখা হয়েছে। অপর দিকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ঘোষণা করার পর থেকে সাধারণ রোগী ভর্তি বন্ধ রয়েছে।
পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, রাজবাড়ীতে আগে চার পুলিশ সদস্য সংক্রমিত হন। এঁদের মধ্যে দুজন সুস্থ হয়েছেন। অপর দিকে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এক কনস্টেবল চিকিৎসাধীন আছেন। তাঁরা মানসিকভাবে চাঙা আছেন। আশা করছি, তাঁরাও সুস্থ হয়ে যাবেন।