রাজবাড়ীতে নদীতে গোসল করতে নেমে ব্যবসায়ী নিখোঁজ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া এলাকায় গড়াই নদীতে গোসল করতে নেমে গত বুধবার নূর মোহাম্মদ খান (৩৫) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। ঘটনার পর তাঁর সঙ্গে থাকা বান্ধবী সাথী আক্তার পালিয়ে যান। নূর মোহাম্মদ ঢাকার মিরপুর ১২ নম্বর সেকশনের সাত নম্বর লেনের আবদুল কাদের খানের ছেলে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বাসেত সরকারের সঙ্গে নূর মোহাম্মদের সখ্য ছিল। বাসেতের মাধ্যমে বালিয়াকান্দির নারুয়া এলাকার উজ্জ্বল সরদারের সঙ্গেও নূর মোহাম্মদের সখ্য গড়ে ওঠে। বুধবার সকালে নূর মোহাম্মদ, তাঁর বান্ধবী সাথী আক্তার ও বাসেত উজ্জ্বলের বাড়িতে বেড়াতে যান। দুপুরে উজ্জ্বলের সঙ্গে তাঁরা তিনজন গড়াই নদীর মদনডাঙ্গা ঘাটে গোসল করতে যান। এ সময় নূর মোহাম্মদ নিখোঁজ হন। ঘটনার পর সাথী আক্তার পালিয়ে যান।নূর মোহামঞ্চদের ছোট ভাই আবুল কালাম বলেন, তাঁর ভাই সাঁতার জানতেন। ধারণা করা হচ্ছে, তাঁকে মাদকাসক্ত করার পর পরিকল্পিতভাবে নদীতে ফেলে হত্যা করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকেলে বালিয়াকান্দি থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম শেখ বলেন, নূর মোহাম্মদকে উদ্ধারের চেষ্টা চলছে। বুধবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল ও বাসেতকে আটক করা হয়েছে। এ ঘটনায় নূর মোহাম্মদের বাবা বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।