রাজবাড়ীতে নদীতে বাঁধ দিয়ে চলছে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি প্রভাবশালী চক্র রাজবাড়ীর পদ্মা-যমুনা নদীতে অবৈধভাবে আড়াআড়ি বাঁশের ছয়টি বাঁধ দিয়ে মাছ শিকার করছে। রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর বেনীনগর, চর সেলিমপুর এবং গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছী, পুরুলী ও ডাকাতপাড়া এলাকায় এসব বাঁধ দেওয়া হয়েছে।এলাকাবাসী জানায়, পাবনা ও রাজবাড়ী জেলার প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে রাজবাড়ী ও পাবনা জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা এবং যমুনা নদীতে অবৈধভাবে বাঁশের বাঁধ দিয়ে কারেন্ট, ফাঁস, সুতি জালসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করছে।এলাকাবাসী ও মত্স্য শিকারীদের সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ অক্টোবর পাবনার ভাষান হালদার, সুশান্ত, নরেন্দ্রনাথ হালদার, কানু হালদারসহ ১০-১১ জন ‘মত্স্যজীবীদের চলমান নদীতে মত্স্য শিকার প্রসঙ্গে’ শিরোনামে রাজবাড়ী জেলা মত্স্য অফিসে একটি আবেদন দাখিল করেন। তাঁদের এ আবেদনপত্রে পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার ‘কারেন্ট জাল ছাড়া অন্য জাল শর্ত সাপেক্ষে ব্যবহার করার অনুমতি দেওয়া যাইতে পারে’ এমন সুপারিশ করেন। কিন্তু এ সুপারিশকে প্রভাবশালী চক্রটি অবৈধভাবে ব্যবহার করে নদীতে বাঁধ দিয়ে সব ধরনের জাল ব্যবহার করে মাছ শিকার করতে থাকে।গত বুধবার রাখালগাছী ও পুরুলী এলাকার বাঁধে গিয়ে পাবনার বেড়া উপজেলার ত্রিমনী নতুনপাড়া এলাকার গোবিন্দ হালদার, কানু হালদার ও রাজবাড়ীর চাঁদ আলী খাঁনসহ কয়েকজনকে পাওয়া যায়। এ সময় গোবিন্দ হালদার ও চাঁদ আলী খাঁ জানান, তাঁরা মন্ত্রীর সুপারিশ নিয়ে মাছ শিকার করছেন।গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, ‘নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণ নিষিদ্ধ। পদ্মায় এ ধরনের কয়েকটি বাঁধ দিয়ে অবৈধভাবে মাছ শিকার করা হচ্ছে বলে আমি দু-এক দিন আগে খবর পেয়েছি। শিগগির এ ব্যাপারে অভিযান চালানো হবে।’রাজবাড়ী জেলা মত্স্য কর্মকর্তা রফিকুল ইসলাম মন্ত্রীর সুপারিশের সত্যতা স্বীকার করে বলেন, মন্ত্রী বিধিমোতাবেক ব্যবস্থা নিতে বলেছেন, বাঁধ তৈরি করে মাছ শিকার করতে বলেননি। জেলার কোথাও নদীতে বাঁধ থাকলে তা দ্রুত সরিয়ে নেওয়ার জন্য জেলেদের নোটিশ করা হয়েছে। বাঁধ অপসারণ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ বলেন, ‘পুরো নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করার বিষয়টি বিস্ময়কর। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে বলে দিচ্ছি।’