রাজবাড়ীতে পদ্মা নদী থেকে লাশ উদ্ধার
রাজবাড়ী শহরের গোদারবাজার এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় গতকাল শনিবার সকালে মিঠু শেখ (১৫) নামে এক দোকান-কর্মচারীর লাশ উদ্ধার করেছে সদর থানার পুলিশ। মিঠু শহরের ধুঞ্চি গ্রামের নুরুল ইসলামের ছেলে।নিহত মিঠুর মা মাটিকাটা শ্রমিক নাসিমা বেগম ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, মিঠু আখের আলীর দোকানে কাজ করত। পাঁচ-ছয় দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কোথায় আছে জানতে চাইলে দোকানের মালিক জানান, মিঠু ব্যস্ত আছে। আখের আলীর কথায় সন্দেহ হলে শুক্রবার রাতে তিনি তাঁর ছেলেকে সকাল ১০টার মধ্যে উপস্থিত করতে বলেন এবং না করা হলে তিনি থানায় জানাবেন বলে জানিয়ে দেন।আখের আলীর স্ত্রী রুবিনা জানান, তিন মাস ধরে মিঠু তাঁদের দোকানে কাজ করছে। রাতে সে তাদের বাড়িতেই থাকত। শুক্রবার রাতে খাওয়ার পর সিগারেট খাওয়ার জন্য সে বাইরে যায়।পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আখের আলীর স্ত্রী রুবিনা ও তাঁর বাবা শুকুর আলী মোল্লাকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর আখের আলী মোল্লা ও তাঁর চার মেয়ে পলাতক রয়েছেন।