রাজবাড়ীতে পদ্মার ভাঙনরোধের কাজ শেষ না হতেই ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজবাড়ী সদর উপজেলার লালগোলা এলাকায় পদ্মার ভাঙন রোধের কাজ শেষ হওয়ার আগেই ধস শুরু হয়েছে। কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারের নাম আসাদুজ্জামান শামীম। তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সদর উপজেলার বরাট ইউনিয়নের লালগোলায় ২০১২ সালে পদ্মা পাড়ের তীর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। ২০১২-১৩ অর্থবছরে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজের জন্য জরুরি ভিত্তিতে নদীর তীর সংরক্ষণের জন্য দরপত্র আহ্বান করা হয়।
কুষ্টিয়ার আমলাপাড়া এলাকার মণ্ডল অ্যান্ড কোং ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজের দায়িত্ব নেন বাকিউল গনি ওরফে তুহিন। তিনি বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি। ২৫০ মিটার কাজের চুক্তিমূল্য ধরা হয় ২৯ লাখ ৭১ হাজার টাকা। ২০১২ সালের ৬ অক্টোবর থেকে ওই বছরের ২০ নভেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও কাজ না করায় চলতি মাসে পদ্মার ভাঙন শুরু হয়।
এ নিয়ে ৯ জুলাই ‘রাজবাড়ীতে পদ্মার তীর সংরক্ষণ কাজের ঠিকাদার যুবলীগের নেতা, দুই বছরেও কাজ শুরুই করেননি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপর জরুরি ভিত্তিতে ১০০ মিটার বস্তা ফেলে ভাঙন রোধের দায়িত্ব দেওয়া হয় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান শামীমকে। দরপত্র ছাড়াই সরাসরি বাস্তবায়ন পদ্ধতির মাধ্যমে সাড়ে আট লাখ টাকা চুক্তিমূল্যের এই কাজ শুরু হয় ১২ জুলাই।
চুক্তি অনুযায়ী দুই সপ্তাহের মধ্যে ভাঙন এলাকায় প্লাস্টিকের পাঁচ হাজার বস্তা বালু এবং ১২৫ কেজি ওজনের দুই হাজার ২০০ বস্তা ও ২৫০ কেজি ওজনের সাড়ে তিন হাজার বস্তা বালু ভর্তি জিও বস্তা দিয়ে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা ছিল।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, নদীর তীর ঘেঁষে বস্তা ফেলা হয়েছে। ওপরে বালুভর্তি অল্প কিছু বস্তা রাখা। বস্তা ফেলে তীরে যে ঢাল তৈরি করা হয়েছে, তার কয়েকটি স্থানে বস্তা ধসে গিয়েছে।
এ ছাড়া বস্তা ফেলার উজানে ও ভাটিতে (যেখানে বস্তা ফেলা হয়নি) পদ্মার ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই সবজিখেতসহ আবাদি জমি পদ্মার গর্ভে বিলীন হচ্ছে।
স্থানীয় বাসিন্দা গুলজান বেগম ও সুফিয়া বেগম বলেন, পাঁচ-ছয় দিনের মধ্যেই কাজ শেষ হয়েছে। বালুর বস্তাগুলো পুরোটা ভর্তি করা হয়নি। এতে বস্তা ধসে নদীতে চলে যাচ্ছে। তা ছাড়া শুকনো মৌসুমে কাজ করলে কাজও ভালো হতো, আবাদি জমিও রক্ষা পেত।
বাসিন্দা নাজমুল ইমাম বলেন, সময়মতো পদক্ষেপ না নেওয়ায় শত বছরের পুরোনো লালগোলা কবরস্থানের কিছু অংশ পদ্মায় বিলীন হয়েছে। ভেসে গেছে মানুষের লাশ ও কঙ্কাল। গুরুতর হুমকিতে রয়েছে লালগোলা বাজার, উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক স্থাপনা।
কাজের ব্যাপারে ঠিকাদার আসাদুজ্জামানের মুঠোফোনে অনেকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
জেলা পাউবোর উপসহকারী প্রকৌশলী সোহরাব হোসেন বলেন, ‘এসব কাজের সময় বস্তা ধসে যাওয়া খুব অস্বাভাবিক বিষয় নয়। ধসে যাওয়া অংশ মেরামত করে দেওয়া হবে।’