রাজবাড়ীতে পদ্মার সিসি ব্লক বাঁধের ৮০ মিটার অংশে ধস
রাজবাড়ী শহর রক্ষা বাঁধ (বেড়িবাঁধ) সংলগ্ন পদ্মার সিসি ব্লক বাঁধের প্রায় ৮০ মিটার অংশ গতকাল শুক্রবার ভোরে নদীতে ধসে গেছে। এতে মসজিদসহ কয়েকটি বাড়ি হুমকির মুখে পড়েছে।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বলিতা স্লুইসগেট ও বলিতা বাইতুল-নূরে জামে মসজিদসংলগ্ন শহর রক্ষা বাঁধ থেকে পদ্মা নদীর দূরত্ব মাত্র ৬০ মিটার। পদ্মার পাড়ের এক জমিতে একটি চক্র বালু রেখে ব্যবসা করায় বালুর পানি চুইয়ে ওই ব্লক বাঁধ ধসে পড়ে।
গতকাল সকালে পদ্মার পাড়ে স্থানীয় লোকজনকে জড়ো হয়ে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) দোষারোপ করতে দেখা যায়। এ সময় মনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বলেন, শুক্রবার মসজিদে ফজর নামাজ পড়ার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান। সবাই বাইরে গিয়ে দেখেন বালু, ব্লকসহ পদ্মা পাড়ের বিশাল অংশ নদীতে ধসে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সদর উপজেলার উড়াকান্দার কুদ্দুস, গুদার বাজারের আলাউদ্দিন, রাজারবাড়ী এলাকার মুরাদ, সোহাগ, লক্ষ্মীকোল এলাকার বাবুসহ কয়েকজন দুই বছরের বেশি সময় ধরে বাইরে থেকে ইঞ্জিনচালিত বড় ট্রলারে করে বালু এনে পদ্মার পাড়ে রাখেন। সেখান থেকে পাইপ দিয়ে পদ্মার পাড়ে বালু স্তূপ করে রাখা হয়। পরে ওই বালু ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। বালুর পানি ব্লকের নিচ দিয়ে চুইয়ে নদীতে পড়তে দেখার পর তাঁদের বারণ করলে উল্টো হুমকি দেওয়া হয়। বিষয়টি একাধিকবার পাউবোর কর্মকর্তাকে বলার পরও তাঁরা কর্ণপাত করেননি। গতকালের ওই ধসের কারণে স্থানীয় মসজিদসহ শতাধিক বাড়ি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত পাশের বরাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, জাতীয় কৃষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মুনিরুজ্জামান বলেন, অবিলম্বে অবৈধ বালুর ব্যবসা বন্ধ না হলে আরও ক্ষতির আশঙ্কা রয়েছে।
ঘটনার পর থেকে কুদ্দুস, আলাউদ্দিন, মুরাদ, সোহাগ ও বাবু গা ঢাকা দেওয়ায় এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুজর গিফারী বলেন, ‘নিয়ম ভেঙে ও বাঁধকে ক্ষতিগ্রস্ত করে যাঁরা বালু জমা রেখেছেন, তাঁদের বিরুদ্ধে খুব শিগগির উচ্ছেদে যাব। নদীকে রক্ষা করার জন্য ও এলাকার উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’
পাউবো রাজবাড়ীর উপবিভাগীয় প্রকৌশলী এস এম নূরন্নবী বলেন, ‘যাঁরা বালুর ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা প্রভাবশালী। প্রাথমিকভাবে আমরা তাঁদের নাম খুঁজে বের করে থানায় শনিবারের মধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করব। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’