রাজবাড়ীতে পাঁচ জেলের জরিমানা, জাল-মাছ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ সময়ে মাছ ধরা এবং নিষিদ্ধঘোষিত কারেন্ট জাল ব্যবহার করায় রাজবাড়ীতে গত সোমবার পাঁচ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রাত সাড়ে আটটায় রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজগর আলী এ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা শফিকুর রহমান উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তার মোড়ের শামীম শেখ, আক্কাস খাঁ, নুর মোহাম্মদ, নয়নসুখ গ্রামের সালাম মণ্ডল এবং গোয়ালন্দের রাখালগাছি গ্রামের সাইদুল শেখ। তাঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ী শহরের গোদার বাজার থেকে দৌলতদিয়া পর্যন্ত সোমবার বিকেল চারটা থেকে রাত আট পর্যন্ত অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই জেলেদের হাতেনাতে আটক ও ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জাল রাতেই গোদার বাজার ঘাটে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ রাজবাড়ী সরকারি শিশু সদনে দেওয়া হয়।