পাটের বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধি ও বাজারে আশানুরূপ দাম না পাওয়ায় রাজবাড়ীতে অনেক চাষি পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। লোকসানের মুখে পড়ায় চাষিরা অন্য ফসল চাষের দিকে ঝুঁকে পড়ছেন বলে জানা গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাজবাড়ীতে চলতি বছর ৩৮ হাজার ৫৫৫ হেক্টর জমিতে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু পাট আবাদ হয়েছে ২ হাজার ৬২১ হেক্টরে। গত বছর ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে পাট আবাদ করা হয়েছিল।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকার পাটচাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে পাট চাষের বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় কৃষক পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। শ্রমিকের মজুরি, পাটের জমি চাষ, বীজ কেনা, সেচ দেওয়া, আগাছা পরিষ্কার, পাট কাটা ও জাগ দেওয়া, আঁশ ছড়ানো, শুকিয়ে বাজারজাত করাসহ সবকিছুতে বেশ খরচ হচ্ছে।
কিন্তু বাজারে বিক্রি করে ওই টাকা উঠছে না। শ্রমিকের মজুরিও দিনপ্রতি ৫০০ টাকা। তাই শেষ পর্যন্ত লোকসানই থেকে যাচ্ছে।
বালিয়াকান্দি উপজেলার শহীদনগর গ্রামের পাটচাষি মালেক শেখ বলেন, ‘আমি এবার আট পাখি (দুই একর) জমিতে পাটের আবাদ করেছি।
এতে পাখিপ্রতি প্রায় আট হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু প্রচণ্ড খরা এবং বৃষ্টিপাত কম হওয়ায় ফলন তেমন একটা ভালো হয়নি। এক পাখি জমিতে প্রায় ছয় মণ পাট উৎপাদন হয়। ফলে জমি থেকে উৎপাদিত পাট বেচে ছয় থেকে সাত হাজার টাকা পেতে পারি।’
কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, এক পাখি জমিতে পাটের জমি চাষ, বীজ কেনা, পানি দেওয়া, খেতের আগাছা পরিষ্কার, পাট কাটা ও জাগ দেওয়াসহ বিভিন্ন খাতে অন্তত সাড়ে সাত হাজার টাকা খরচ হয়। কিন্তু শেষে লাভ হচ্ছে না। এসব কারণে অনেক কৃষক পাট চাষ করা ছেড়ে দিচ্ছেন।
সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোপীনাথ গ্রামের হাবিব বলেন, লোকসান হওয়ার কারণে কয়েক বছর ধরে তিনি পাট চাষ করেন না। বর্তমানে ধান, তিল, ডাল চাষ করছেন। পাটের দাম মণপ্রতি কমপক্ষে আড়াই হাজার টাকা হলে কৃষকের লাভ হবে বলে মনে করেন তিনি।
সদর উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের কৃষক আবজাল হোসেন জানান, পাট চাষ করার চেয়ে তিল চাষ করা লাভজনক। তিলের ক্ষেত্রে তেমন আলাদা খরচ নেই। তাই তিনি নিজেও এবার পাট চাষ কমিয়ে দিয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ীর উপপরিচালক শ্রীনিবাস দেবনাথ বলেন, পাটের দাম কৃষক মণপ্রতি ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭৫০ টাকা করে পাচ্ছেন। এতে তাঁদের লোকসান হওয়ার কথা নয়। তা ছাড়া সরকার পাটচাষিদের নগদ কোনো টাকা ভর্তুকি না দিলেও সারের দাম কমিয়েছে।