রাজবাড়ীতে পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ড
রাজবাড়ীর কালুখালী উপজেলায় গতকাল সোমবার বিকেলে কিং জুট মিলস লিমিটেড নামের একটি পাটকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পাটকলের শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালুখালী রেলস্টেশন এলাকায় অবস্থিত পাটকলের পাশের একটি গুদামঘরের ছাদ ঝালাইয়ের কাজ চলছিল। বেলা সাড়ে তিনটার দিকে সেখান থেকে আগুনের গোলা নিচে পড়লে পাট ও ডিজেলে আগুন ধরে যায়। প্রথমে পাটকলের শ্রমিক ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে তার আগেই পাট, তেল ও যন্ত্রপাতি পুড়ে যায়।
পাটকলের শ্রমিক নাজমা বেগম বলেন, ‘আমরা প্রতিদিনের মতো কারখানায় কাজ করছিলাম। হঠাৎ আগুন দেখতে পাই। আগুন দেখে সবাই এদিক-ওদিক ছোটাছুটি শুরু করি। গুদামঘরের চালে শ্রমিকেরা কাজ করছিল। সেখান থেকে আগুন লেগে থাকতে পারে।’
বিকেল পাঁচটার দিকে সরেজমিনে দেখা যায়, পাটকল এলাকার পুরো আকাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। উৎসুক জনতা পাটকলের সামনের রাস্তায় ভিড় জমিয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফজলুল হক মণ্ডল বলেন, রাজবাড়ী স্টেশনের দুটি এবং ফরিদপুরের পাংশা ও কুমারখালী স্টেশনের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পাটকলের উপব্যবস্থাপক আরিফুল ইসলাম জানান, আগুনে তাঁদের ১২-১৩ কোটি টাকার ক্ষতি হয়েছে। তদন্ত করে তাঁরা আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন করবেন।