রাজবাড়ীতে পাটের দাম কম, চাষিরা হতাশ
চলতি মৌসুমে রাজবাড়ীতে পাটের আশানুরূপ দাম না পাওয়ায় চাষিরা হতাশ হয়ে পড়েছেন।বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শহীদনগর গ্রামের কৃষক আবদুল মালেক শেখ বলেন, ‘একটু লাভের আশায় পাট চাষ করেছিলাম। মাথার ঘাম পায়ে ফেলার পর এখন হিসাবে লোকসান হচ্ছে। প্রতি মণ পাটের দাম দুই হাজার টাকা হলেও খরচ পুষিয়ে কিছু লাভ হতো।’ সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা গ্রামের চাষি শাজাহান মোল্লা বলেন, ‘ছয় বিঘা জমিতে পাট চাষ করে লাভের পরিবর্তে লোকসান হয়েছে।’খালিশপুর জুট মিলের পাট ক্রয়কেন্দ্র রাজবাড়ীর এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, গত বছর এই সময়ের মধ্যে ব্যবসায়ীদের এক কোটি টাকার ওপর পরিশোধ করা হয়। এবার এখন পর্যন্ত কোনো টাকা পরিশোধ করা হয়নি। তাই বাজারে পাট কেনার তেমন প্রতিযোগিতা না থাকায় পাটের দাম কম।জেলার বিভিন্ন হাটে ঘুরে দেখা গেছে, বিভিন্ন দামে পাট বিক্রি হচ্ছে। সবচেয়ে ভালো মানের ভালো রঙের পাট প্রতি মণ এক হাজার ২০০ টাকায় বিক্রি হয়। কিন্তু পানির সমস্যার কারণে রং খারাপ হওয়া পাট বিক্রি হচ্ছে ৮০০ থেকে সাড়ে ৯০০ টাকায়। আবার ব্যাপারীরা পাট মাপার সময় প্রতি মণ থেকে কমপক্ষে এক কেজি ধলতা হিসেবে নিয়ে নিচ্ছেন।পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের সুমন কুমার বিশ্বাস বলেন, ‘দেড় বিঘা জমি চাষ করে আট মণ পাট পেয়েছি। এক বিঘা জমিতে পাট চাষ করে বাজারে নিয়ে আসা পর্যন্ত খরচ হয় কমপক্ষে সাত হাজার টাকা। সেই হিসাবে আমার খরচ হয়েছে সাড়ে ১০ হাজার টাকা। অথচ পাট বিক্রি হয়েছে সাড়ে ৯০০ টাকা মণ দরে মোট সাত হাজার ৬০০ টাকা।’ রাজবাড়ী বাজারের ব্যবসায়ী পাট ও ভুসিমাল সমিতির সাধারণ সম্পাদক আসাদ আলী বিশ্বাস বলেন, ‘সরকারি মিল থেকে ঠিকমতো টাকা দিচ্ছে না। আবার পানি না থাকায় পাটের রং ভালো হয় নাই। এসব কিছু মিলে পাটের দাম কম হওয়ায় কৃষকের লোকসান হচ্ছে। আমরা সাধারণ পাট সর্বনিম্ন ৯০০ টাকা আর ভালো মানের পাট এক হাজার ৩০০ থেকে এক হাজার ৫০০ টাকায় কিনছি। তবে ভালো মানের পাটের সংখ্যা খুব কম, শতকরা ৫ শতাংশের মতো।’রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জয়নুল আবেদিন জানান, এ বছর জেলার পাঁচটি উপজেলায় পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল প্রায় সাড়ে ৩১ হাজার হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়েও সাড়ে পাঁচ হাজার হেক্টর বেশি জমিতে পাট চাষ করা হয়েছে। এবার পাট হয়েছেও ভালো। তবে স্বাভাবিক বৃষ্টিপাত না হওয়ায় অল্প জায়গায় গাদাগাদি করে জাগ দেওয়ায় পাটের রং খারাপ হয়েছে।