রাজবাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
রাজবাড়ীতে পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে। আজ সোমবার জেলার সদর ও পাংশা উপজেলায় পৃথক এ দুটি ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো তানহা (১১) ও জান্নাত (৬)।
শিশু তানহা রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামের বাবুল মিয়ার মেয়ে। আর জান্নাত পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের হাবাসপুর গ্রামের রাসেল মণ্ডলের মেয়ে।
তানহার আত্মীয় ফয়সাল বলেন, দুপুরে বাড়ির পাশে ড্রাই আইস ফ্যাক্টরির পুকুরে গোসল করতে যায় তানহা। এ সময় সে পুকুরের পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে বাড়ির কাউকে না বলে পুকুরে গোসল করতে যায় জান্নাত। কিন্তু সাঁতার না জানায় পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
ইউপি চেয়ারম্যান আবদুল আলিম মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।