রাজবাড়ীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত
রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার ভোররাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুল খালেক বিশ্বাস (৫০) নামের একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, খালেক বিশ্বাস আন্তজেলা ডাকাত দলের সদস্য। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে তিনি নিহত হন।
আবদুল খালেক রাজবাড়ীর পাংশা উপজেলার ঢেঁকিপাড়া গ্রামের বাসিন্দা। খালেকের স্ত্রীর দাবি, তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মিয়া গতকাল বিকেলে বলেন, বুধবার রাত সাড়ে তিনটার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কালিবাড়ি এলাকায় সড়কে গাছ ফেলে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টহল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতেরা তাদের ওপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এভাবে প্রায় ১৫ মিনিট ‘বন্দুকযুদ্ধ’ চলার পর ঘটনাস্থলে মধ্যবয়সী একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ওসি আবুল বাসার মিয়া বলেন, তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির নাম আবদুল খালেক বিশ্বাস উল্লেখ করে ওসি বলেন, তাঁর বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। একটি মামলায় সাজা খেটে পাঁচ বছর আগে বের হওয়ার পর থেকে পলাতক ছিলেন তিনি।
ওসি আরও বলেন, খালেক বিশ্বাস আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
আবদুল খালেকের স্ত্রী ফেরদৌস বেগম বলেন, তাঁর স্বামী একজন ভ্যানচালক। গত মঙ্গলবার দুপুরে ভ্যান নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। সঙ্গে থাকা মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। ডাকাতির অভিযোগে একটি মামলায় সাত বছর জেল খেটে কয়েক বছর ধরে জামিনে মুক্ত ছিলেন তিনি।