রাজবাড়ীতে প্রতিমা ভাঙচুরের অভিযোগ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পাটুরিয়ায় একটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
পাটুরিয়া সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, পাটুরিয়া সর্বজনীন দুর্গাপূজা মন্দিরের শ্যামা প্রতিমার ডান হাতের দুটি ও বাম হাতের একটি আঙুল এবং মহাদেবের হাতের সাপ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যার পর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পুলিশের কর্মকর্তা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বালিয়াকান্দি থানার ওসি জাহিদুল ইসলাম জানান, ‘এটি তেমন কোনো ঘটনা নয়। এখানে হিন্দু ধর্মের নেতারা আছেন। সবকিছু বিবেচনা করে ঘটনাটি উদ্দেশ্যমূলক বলে মনে হচ্ছে না।’
ইউএনও এইচ এম রাকিব হায়দার বলেন, প্রতিমার হাতের তিনটি আঙুল ও একটি সাপ ভাঙা হয়েছে। ছোট ছেলেমেয়েরা দুষ্টুমি করে ঘটিয়ে থাকতে পারে। এটি উদ্দেশ্যপ্রণোদিত–ভাবে বলে মনে হচ্ছে না।