রাজবাড়ীতে প্রথম আলোর বিরুদ্ধে মানহানির মামলা খারিজ
রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিম আদালতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও জ্যেষ্ঠ প্রতিবেদক তানভীর সোহেলের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব ছরওয়ার এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে এই মামলা দায়ের করেন। মামলাটি আমলে না নিয়ে বিচারিক হাকিম জাহিদুল আজাদ বাদীর এই অভিযোগ খারিজ করে দেন।মামলার বিবরণীতে বলা হয়েছে, ২২ অক্টোবর প্রথম আলোর প্রথম পাতায় ‘ফরিদপুরে মন্ত্রীর ভাই-ই সব’ শিরোনামে সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। বাদী সাহেব ছরওয়ার খবরটি গ্রামের বাড়ি থেকে ফরিদপুরে যাওয়ার সময় বহরপুর বাসস্ট্যান্ড থেকে দেখতে পান। সংবাদটির কারণে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন রাজনৈতিক অঙ্গনে ও সমাজে হেয়প্রতিপন্ন হয়েছেন। এতে মোহতেশামের পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। মোহতেশাম তাঁর রাজনৈতিক নেতা হওয়ায় তিনিও সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে তাঁর ক্ষতি হয়েছে এক কোটি টাকার।এর আগে ফরিদপুর নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর ফরিদপুরে তিনটি এবং শরীয়তপুর ও মাগুরায় একটি করে মামলা দায়ের করা হয়েছে। প্রথম আলোর সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলা দায়ের করায় উদ্বেগ জানিয়েছেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আবদুল মতিনসহ স্থানীয় কয়েকজন সাংবাদিক।