রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান উপনির্বাচনে এক প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিপক্ষের লোকজন ছিঁড়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।ইউপি চেয়াম্যান প্রার্থী গোলাম মোস্তফা প্রথম আলোকে জানান, উপনির্বাচনে অংশ নিতে তিনি গত বৃহস্পতিবার মনোনয়নপত্র কেনেন। এর পর থেকেই প্রতিপক্ষের লোকজন তাঁকে নানাভাবে হুমকি দিচ্ছিল। তিনি নিরাপত্তার জন্য পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেন। গত রোববার তাঁর প্রতিনিধি সুশান্ত শর্মাকে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য পাঠান। সুশান্ত নিরাপত্তাহীনতাবোধ করলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। পরে ইউএনওর নির্দেশে একজন পুলিশ কনস্টেবল সুশান্তকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। সুশান্ত রিটার্নিং কর্মকর্তা আরশেদ আলী চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দেন। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তাঁর কাছ থেকে মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে। এ ছাড়া সুশান্তকে মারধর করতে থাকে। গোলাম মোস্তফার অভিযোগ, তিনি যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, এ জন্য পরিকল্পিতভাবে রিটার্নিং কর্মকর্তা ওই সময় মনোনয়নপত্র হাতে নিয়ে টালবাহানা করেন। এই সুযোগে প্রতিপক্ষ মনোনয়নপত্রটি ছিনিয়ে নেয়। ইউএনও রেজাই রাফিন সরকার জানান, ‘পরে আমার নির্দেশে অতিরিক্ত পুলিশ গিয়ে সুশান্তকে উদ্ধার করে। তবে ওই কার্যালয়ে কী হয়েছিল, আমার জানা নেই।’ রিটার্নিং কর্মকর্তা আরশেদের মুঠোফোনে কয়েকবার ফোন দিয়ে তা বন্ধ পাওয়া যায়।২৫ সেপ্টেম্বর নারুয়া ইউপি চেয়ারম্যান মকিবর রহমান মারা গেলে পদটি শূন্য হয়। রোববার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই ইউনিয়নে ১৮ নভেম্বর উপনির্বাচন হওয়ার কথা। এতে প্রতিদ্বন্দ্বিতা করতে মকিবরের স্ত্রী রাবেয়া খানম মনোনয়নপত্র জমা দিয়েছেন।