রাজবাড়ীর পাঁচটি উপজেলায় ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির কর্মকর্তারা প্রায় ছয় কোটি টাকা আমানত নিয়ে পালিয়ে গেছেন। অধিক মুনাফার আশায় অর্থ বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন ছয় শতাধিক গ্রাহক। সর্বস্ব বিনিয়োগ করে তাঁদের অনেকেই এখন মানবেতর জীবন যাপন করছেন।প্রতারিত গ্রাহকেরা টাকা ফেরত পেতে সম্প্রতি জেলা সমবায় কর্মকর্তার মাধ্যমে ঢাকার বিভাগীয় সমবায় কার্যালয়ের উপনিবন্ধক রুহুল আমীনের কাছে লিখিত আবেদন করেছেন।এ ব্যাপারে জেলা সমবায় কর্মকর্তা আবদুর রাজ্জাক মিয়া জানান, গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য একজন বিভাগীয় কর্মকর্তাকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সংগঠনটির সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের টাকা পরিশোধের ব্যবস্থা করবে। এ ছাড়া সুষমভাবে গ্রাহকদের টাকা বণ্টন করার জন্য প্রতিটি উপজেলায় গ্রাহকদের নিয়ে কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে।জেলা সমবায় কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, ম্যাক্সিম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি ২০০৮ সালের ফেব্রুয়ারিতে রাজবাড়ী সদরে কার্যক্রম শুরু করে। পরবর্তী সময়ে জেলার আরও চারটি উপজেলায় কার্যক্রম প্রসারিত করা হয়। লাখপ্রতি দুই হাজার টাকা থেকে দুই হাজার ২০০ টাকা মুনাফা দেওয়ার শর্তে গ্রাহকদের কাছ থেকে তারা আমানত সংগ্রহ করে।প্রতিষ্ঠানটি সদর উপজেলার গ্রাহকদের কাছ থেকে এক কোটি ৮৬ লাখ টাকা, বালিয়াকান্দি উপজেলার গ্রাহকদের কাছ থেকে এক কোটি ৩৬ লাখ ৭৩ হাজার টাকা, পাংশা থেকে এক কোটি ৪০ লাখ টাকা, গোয়ালন্দ উপজেলা থেকে এক কোটি ১৪ লাখ এবং কালুখালী উপজেলার গ্রাহকদের কাছ থেকে ছয় লাখ টাকা আমানত সংগ্রহ করে। চলতি বছরে গ্রাহকসংখ্যা দাঁড়ায় ছয় শতাধিক। দুই মাস আগে থেকে প্রতিষ্ঠান পর্যায়ক্রমে তাদের কার্যক্রম গুটিয়ে নিতে থাকে। বর্তমানে প্রতিষ্ঠানটির সব কার্যালয়ে তালা ঝুলছে।বালিয়াকান্দির কোটরাকান্দি গ্রামের দুর্গা শর্মা জানান, তিনি তাঁর স্বামীর অবসরভাতার দুই লাখ টাকা প্রতি মাসে লাখপ্রতি দুই হাজার টাকা মুনাফা দেওয়ার শর্তে ওই প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন। তিন-চার মাস ধরে তিনি কোনো মুনাফা পাচ্ছেন না। এখন প্রতিষ্ঠানটিই উধাও। শেষ সম্বল হারিয়ে তিনি এখন মানবেতর জীবন যাপন করছেন।সদর উপজেলার সজ্জনকান্দা এলাকার নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির এক গ্রাহক জানান, লাখপ্রতি দুই হাজার ২০০ টাকা মুনাফা পাওয়ার শর্তে দীর্ঘদিনের সঞ্চয় করা ১২ লাখ টাকা বিনোয়োগ করেছিলেন তিনি। পরিবারকে না জানিয়ে ওই টাকা বিনিয়োগ করায় তিনি লজ্জায় কারও কাছে বিষয়টি বলতেও পারছেন না।