রাজবাড়ীতে প্রীতি ফুটবলে জেলা ছাত্রলীগ জয়ী
রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় প্রীতি ফুটবল টুর্নামেন্টে জেলা ছাত্রলীগ জয়ী হয়েছে। ‘সুন্দর রাজবাড়ী’ স্লোগান সামনে রেখে শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে এই খেলার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেনের উদ্যোগে এই খেলা হয়। খেলায় চারটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ। বেলা ১১টায় খেলার উদ্বোধন করা হয়। দুপুরে চূড়ান্ত পর্বের খেলায় জেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগ অংশগ্রহণ করে। এতে জেলা ছাত্রলীগ ১-০ গোলে জয়ী হয়। পরে খেলোয়াড়দের মেডেল দেওয়া হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক নেতা আসজাদ হোসেন, কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।