রাজবাড়ীতে ফাঁড়ির জমি উদ্ধার করে সীমানাপ্রাচীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর পুলিশ ফাঁড়ির বেদখল হওয়া দুই শতাংশ জমি উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ওই জমিতে সীমানাপ্রাচীর নির্মাণকাজ শুরু করা হয়।

সকালে নির্মাণকাজের উদ্বোধন করেন রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) সালমা বেগম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার মিয়া, সদর থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন ভূঁইয়া, টাউন উপপরিদর্শক শহিদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামের পাওয়ার হাউস এলাকায় পুলিশ ফাঁড়িটি অবস্থিত। ফাঁড়ির উত্তর দিকে একটি খাল রয়েছে। খালের অপর প্রান্তের বাসিন্দারা ফাঁড়ির কমবেশি দুই শতাংশ জমি অবৈধভাবে দখল করে রেখেছিল। সম্প্রতি মাপজোখের পর বিষয়টি ধরা পড়ে। এরপর ওই জমি দখলমুক্ত করা হয়। বর্তমানে ফাঁড়ির উত্তর দিকে ১৫০ ফুট লম্বা ও ৫ ফুট উঁচু করে সীমানাপ্রাচীরটি দেওয়া হচ্ছে। এতে পাঁচ লাখ টাকা ব্যয় হচ্ছে।

ওই জমি দুজন ব্যক্তির দখলে ছিল। তাঁদের একজন স্থানীয় বাসিন্দা রুমিয়া বেগম। তিনি বলেন, এক বছর আগে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে সাড়ে আট লাখ টাকায় তাঁরা দুই শতাংশ জমি কেনেন। এরপর বিক্রেতা তাঁদের ওই জমি বুঝিয়ে দেন। এখন মাপজোখ হওয়ার পর এক শতাংশ জমি ফাঁড়ির অংশে চলে যাওয়ায় তাঁরা ক্ষতির মুখে পড়েছেন।

এসপি সালমা বেগম বলেন, কেউ জমি প্রতারণা করে বিক্রি করে থাকলে এবং প্রতারণার শিকার ব্যক্তি অভিযোগ করেন, তাহলে ব্যবস্থা নেবে পুলিশ।