রাজবাড়ীতে বাস ধর্মঘট অব্যাহত
রাজবাড়ীতে বুধবার থেকে শুরু হওয়া বাস ধর্মঘট এখনো অব্যাহত আছে। এতে স্থানীয় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাসস্ট্যান্ডে বুধবার বাসের চাপায় সুমাইয়া নামে এক স্কুলছাত্রী নিহত হয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি পুড়িয়ে দেয়। এ ঘটনায় ছাত্রীর বাবা হালিম বিশ্বাস ওই দিন রাতেই বাদী হয়ে বালিয়াকান্দি থানায় বাস চালকের বিরুদ্ধে মামলা করেন। বাস পোড়ানোর ঘটনায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদু কুদ্দুস খান বাদী হয়ে ১৭ জনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন। পরে রাজবাড়ীর মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বাস পোড়ানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি ও প্রধান সড়কে নছিমন, করিমনসহ বিভিন্ন অবৈধ যান বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেয়।স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মঘট অব্যাহত থাকায় গতকাল পর্যন্ত রাজবাড়ী থেকে ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, দৌলতদিয়া ও মধুখালীতে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে রাজবাড়ীর ওপর দিয়ে দেশের অন্যান্য জেলার যানবাহন চলাচল করছে।