রাজবাড়ীতে বাসচাপায় কৃষক নিহত, আহত ৪
রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের বাগমারা চৌরাস্তার মোড়ে গতকাল শুক্রবার দুপুরে বাসের চাপায় এক কৃষক নিহত ও অপর চারজন গুরুতর আহত হয়েছেন।এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী গতিনিয়ন্ত্রক নির্মাণের দাবিতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কে বাগমারার উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। নিহত কৃষকের নাম আবদুল মান্নান মিয়া (৭১)। তাঁর বাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে। আহত ব্যক্তিরা হলেন সূর্যনগর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইমন সরকার, ব্যবসায়ী আমান (২৮), পথচারী শরিফুল (১০) ও ভ্যানচালক মকিম (২৪)।প্রত্যক্ষদর্শী কামরুল মিয়া ও নিহত আবদুল মান্নানের ভাতিজা আনিস জানান, জৌকুরা ফেরিঘাট থেকে রাজবাড়ী অভিমুখে আসা গোল্ডেন পরিবহনের একটি বাস বাগমারা মোড়ে পাঁচজনকে চাপা দেয়। আহত অবস্থায় তাঁদের দ্রুত সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবদুল মান্নানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ফরিদপুর নেওয়ার সময় খানখানাপুরে তিনি মৃত্যুবরণ করেন। রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) কাজী আহসান হাবীব ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বাস ও চালককে আটক করা হয়েছে।