রাজবাড়ীতে বাসচাপায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর সদর উপজেলার আহল্লাদীপুরে ব্র্যাক কার্যালয়ের সামনে রাজবাড়ী-ফরিদপুর সড়কে গতকাল শনিবার বিকেলে বাসের চাপায় এক ব্যাংক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।নিহত ব্যক্তিরা হলেন—রূপালী ব্যাংকের ঢাকার সদরঘাট শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ও রিকশার যাত্রী শহিদুল ইসলাম (৩০), রিকশাচালক অমেদ আলী (২৬) ও ভ্যানচালক খলিল মোল্লা (৫৮)। এর মধ্যে শহিদুল ও অমেদ আলীর বাড়ি সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামে। খলিলের বাড়ি একই উপজেলার বসন্তপুরের মজলিশপুর গ্রামে।আহত রিকশাযাত্রী মিঠুনকে (১৫) ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বিকেল চারটার দিকে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি বাস একটি রিকশা ও একটি ভ্যানকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার যাত্রী শহিদুল ও রিকশাচালক অমেদ আলীর মৃত্যু হয়। রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান ভ্যানচালক খলিল। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত উল্লাহ জানান, বাসটি আটক করা হয়েছে। বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া লাশগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।