রাজবাড়ীতে বিএনপি নেতাসহ পাঁচ স্থানে পাঁচজন খুন
রাজবাড়ীতে বিএনপির এক নেতাকে গত বৃহস্পতিবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে স্থানীয় বিএনপি। এদিকে রংপুর, সিরাজগঞ্জ, পিরোজপুর ও চাঁদপুরের ফরিদগঞ্জে আরও চারজন খুন হয়েছেন। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজবাড়ী: জেলা বিএনপির সদস্য সামছুল আলম বাবলুকে (৫২) বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় শহরের বিনোদপুর এলাকায় গুলি করা হয় বলে এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে।হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ রাতেই আরিফ বিশ্বাস (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, সামছুল আলম ঠিকাদার ছিলেন। রাতে রাজবাড়ী বাজার থেকে হেঁটে বিনোদপুরে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। গতকাল বিকেলে শহরের আজাদি ময়দানসংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর পর রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজা শেষে সন্ধ্যার পর ভবানীপুর কবরস্থানে লাশ দাফন করার কথা রয়েছে।নিহত সামছুল আলমের ছোট ভাই ওহিদুল ইসলামের ভাষ্যমতে, জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁর মেঝো ভাই সহিদুল ইসলামকে গত বছরের ২ মার্চ বাড়ির সামনে গুলি করা হয়। ঘটনার পরের দিন তাঁর বড় ভাই নিহত সামছুল ইসলাম বাদী হয়ে স্থানীয় পৌর কাউন্সিলর মীর এনাম আলী ওরফে বাচ্চুকে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ এনাম আলীসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত বৃহস্পতিবার রাজবাড়ী আদালত তাঁদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।ওহিদুল ইসলাম অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে কাউন্সিলর এনাম আলী ও তাঁর লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তাঁরা ধারণা করছেন। রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম জানান, শুক্রবার সকাল ১০টায় জেলা বিএনপির জরুরি সভায় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। তিনি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা জানান, স্থানীয় কাউন্সিলরের সঙ্গে তাঁদের মামলার জের ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।রংপুর: মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের বৈরাতী সড়কের পাশের একটি ধানখেত থেকে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে অজ্ঞাতনামা এক তরুণের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। থানা-পুলিশ জানায়, মৃত ব্যক্তির গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এ ছাড়া মাথা ও শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।সিরাজগঞ্জ: গরু দিয়ে ধঞ্চে খাওয়ানোকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চরগাছাবাড়ি চরে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সবুজ আলী আকন্দ (২৫)। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে।জানা গেছে, সবুজের বাড়ির গরু চরগাছাবাড়ি গ্রামের আবদুর রশিদের জমির ধঞ্চে খেয়ে ফেলে। এ নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাঁদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রশিদের লোকজন লাঠিসোঁটা নিয়ে সবুজের বাড়িতে হামলা চালায়। অতর্কিত এই হামলায় সবুজসহ তিনজন আহত হন। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সবুজ মারা যান।পিরোজপুর: ভান্ডারিয়া উপজেলা সদরের গাজীপুর এলাকায় গতকাল বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান (৩৩)। তিনি ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। ভান্ডারিয়া সদর ইউপির সদস্য সালেক তালুকদার বলেন, গতকাল সকাল ১০টার দিকে বাড়ির একটি নিমগাছের ডাল কাটা নিয়ে মিজানুর রহমানের সঙ্গে বড় ভাই সাইদুর রহমানের বাদানুবাদ হয়। একপর্যায়ে সাইদুর রহমান উত্তেজিত হয়ে তাঁর হাতে থাকা দা দিয়ে মিজানুরের বুকে কোপ দেন। গুরুতর আহত অবস্থায় মিজানুরকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ফরিদগঞ্জ (চাঁদপুর): গত বৃহস্পতিবার রাতে ফরিদগঞ্জের আইটপাড়া গ্রামে দুর্বৃত্তরা ঘরে ঢুকে শাহাদাৎ হোসেন নামের এক মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে। নিহত শাহাদাৎ হোসেন ওই গ্রামের ব্যবসায়ী বিল্লাল হোসেনের ছেলে।