রাজবাড়ীতে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চরবাগমারা গ্রামের গজাইরা বিল মাঠে গত সোমবার বিকেলে বিদ্যুতের তারে জড়িয়ে এক শ্রমিক মারা গেছেন। তাঁর নাম ইকবাল শেখ (৩২)। তিনি পাবনার সুজানগর উপজেলার সিন্দুর বড়ুলা গ্রামের হাকিম শেখের ছেলে। ইকবালের ভগ্নিপতি রমজান শেখ জানান, তাঁরা চারজন গত রোববার ১৫০ টাকা মজুরিতে চরবাগমারার আলিমুদ্দিনের বাড়িতে কাজ করতে আসেন। সকাল থেকে একসঙ্গে সবাই ধান উঠাচ্ছিলেন। এ সময় ইকবাল প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠে দাঁড়ালেই বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাটি থেকে তিন ফুট ওপরে কভারবিহীন বিদ্যুতের তার ঝুলছে। স্থানীয় লোকজন কয়েকটি স্থানে বাঁশের সাহায্যে তার উঁচু করে রাখার চেষ্টা করেছেন। এলাকার বাসিন্দা রহিম মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘ তিন-চার বছর ধরে পিডিবির তার ঝুলন্ত অবস্থায় রয়েছে। একাধিকবার লিখিত ও মৌখিকভাবে বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। কয়েক দিন আগেও দুজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাজবাড়ী কার্যলয়ের নির্বাহী প্রকৌশলী ভবেশ দাশ জানান, অফিসের কাজে ফরিদপুরে থাকায় মারা যাওয়ার বিষয়টি তিনি জানেন না। তিনি বলেন, সারা দেশে যেসব লাইন বিপজ্জনক অবস্থায় আছে, সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য একটি প্রকল্পের কাজ শুরু হয়েছে। খুব শিগগির এসব লাইন মেরামত করা হবে।