রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত, নির্মাণশ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট

রাজবাড়ী সদর উপজেলায় আজ সোমবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষক নিহত হয়েছেন। এ ছাড়া অপর ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে আরও একজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম বকুল গাজি (৪৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া গ্রামের বাসিন্দা। বকুলের বাবার নাম মোতালেব হোসেন গাজি। বিদ্যুৎস্পৃষ্টে আহত ব্যক্তির নাম আবদুর রহমান ব্যাপারী (৬৫)। তিনি মিজানপুর ইউনিয়নের কাকিলাদাইড় গ্রামের বাসিন্দা। আবদুর রহমান পেশায় নির্মাণশ্রমিক।

প্রত্যক্ষদর্শী রুবেল রহমান বলেন, বকুল নিজের বাড়ির টিন পরিবর্তন করার জন্য চালে ওঠেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে শহরের প্রধান সড়কে মুজিব বিল্ডিং এলাকায় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন আবদুর রহমান। এ সময় তিনি ভবন থেকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক নাহিদ রায়হান। তিনি বলেন, বকুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। অপর দিকে আবদুর রহমান মাথায় আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তিনি এখন আশঙ্কামুক্ত।