রাজবাড়ীতে বিদ্রোহী প্রার্থীর পোস্টার নষ্ট করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলা মৃগী ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শহীদুজ্জামান সাগর মোল্লার বিরুদ্ধে আচরণবিধি ভঙের অভিযোগ উঠেছে।
এ ছাড়া তাঁর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থীর পোস্টার নষ্ট করার অভিযোগ উঠেছে।
গত সোমবার মৃগী ইউপির বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বাড়ির দেয়াল, দোকান, বাড়ির সীমানাপ্রাচীরে পোস্টার লাগানো হয়েছে।
এ ছাড়া আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বদর উদ্দিন সরদারের পোস্টার টাঙানোর রশির মাঝখান থেকে কেটে ফেলা হয়েছে।
শহীদুজ্জামান সাগর মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার নেতা-কর্মীদের কারও পোস্টার না ছেঁড়ার নির্দেশ দেওয়া আছে। এমনকি প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর সমর্থকের সঙ্গে তর্ক করতেও বারণ করা হয়েছে। আমি কারও সঙ্গে কোনো ঝামেলায় যাব না। এলাকায় আমার সুনাম আছে।’
বর্তমান চেয়ারম্যান বদর উদ্দিন সরদার বলেন, ‘নেয়ামতপুর মোড়ে আমার পোস্টারের রশির মাঝখান থেকে কেটে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি ইউএনও, নির্বাচন কর্মকর্তা, ওসিসহ সংশ্লিস্ট ব্যক্তিদের মৌখিকভাবে জানিয়েছি।’
জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, ‘বিধি অনুযায়ী দেয়াল, গাছ, বিদ্যুতের খুঁটি, যানবাহনে পোস্টার লাগানো যাবে না। এ ছাড়া প্রতিপক্ষের পোস্টারের ক্ষতিসাধন করা বেআইনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
২৮ মে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাতটি ইউপিতে ভোট হবে।