রাজবাড়ীতে বিপণিবিতানে আগুন, ছয় দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলায় আগুন লেগে একটি বিপণিবিতানের ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাঁদের ৮০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় এলাকায় অবস্থিত খন্দকার আজিজ মার্কেটে আসবাবের একটি বড় দোকান, একটি মুদি দোকানসহ ছোট-বড় ছয়টি দোকান পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মালামাল কেউ কেউ সংগ্রহের চেষ্টা করছে।
বিপণিবিতান ও খন্দকার ডিজিটাল ফার্নিচার নামের আসবাবের মালিক খন্দকার হারুন বলেন, বুধবার দিবাগত রাত তিনটার দিকে দোকানে থাকা ওমর আলী তাঁকে ফোনে তাঁর বিপণিবিতানে আগুন লাগার কথা জানান। সংবাদ শুনে সেখানে গিয়ে তিনি ঘটনাস্থলের চারদিকে আগুন জ্বলছে দেখতে পান। আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে। দ্রুত খবর দেওয়া হয় রাজবাড়ী ফায়ার সার্ভিসকে। প্রায় ৩০ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করেন।
এ ব্যাপারে কথা বলার জন্য রাজবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিটপ্রধান মাজহারুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তবে ওই ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হারুন অর রশিদ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, আমরা খবর পেয়ে ভোররাতেই আগুন নেভানোর কাজ শুরু করি। প্রথমে রাজবাড়ীর দুটি পরে ফরিদপুর থেকে আসা আরও একটি ইউনিট মিলে আগুন নেভানোর কাজ করে।