রাজবাড়ীতে বৃদ্ধ খুন, তরুণের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় গত শনিবার সন্ধ্যায় এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই দিন বিকেলে সদর উপজেলায় এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।পিটিয়ে মেরে ফেলা ওই বৃদ্ধের নাম জহুর আলী মণ্ডল (৬২)। তাঁর বাড়ি কালুখালীর সাওরাইল ইউনিয়নের মাজাইল গ্রামে। এ ঘটনায় শনিবার রাতেই পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের আত্মীয় একই গ্রামের জামাল উদ্দিন মণ্ডল ও তাঁর ছেলে হাসান উদ্দিন মণ্ডলকে গ্রেপ্তার করেছে। থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে জহুর আলী ও জামাল উদ্দিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জহুর আলীকে মারধর ও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।রাজবাড়ী সদরের আলীপুর থেকে উদ্ধারকৃত মরদেহটি শাহিদুল শেখ (২১) নামে এক তরুণের। তিনি একই গ্রামের মৃত ওয়াজেদ আলী শেখের ছোট ছেলে। গত ৩০ নভেম্বর থেকে শাহিদুল শ্বশুরবাড়িতে ছিলেন। গত বৃহস্পতিবারে শাহিদুলের পরিবার জানতে পারে, তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তাঁরা আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেন। শনিবার বিকেল পাঁচটার দিকে তাঁদের বাড়ির পাশের গাবগাছ থেকে ঝুলন্ত অবস্থায় শাহিদুলের লাশ উদ্ধার করা হয়।গতকাল সকাল সাড়ে নয়টার দিকে রাজবাড়ী সদরের রামকান্তপুর ইউনিয়নের কালীতলা সেতুর পাশের জলাশয় থেকে ফুলজান বেগম (৫২) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একই ইউনিয়নের মাটিপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের স্ত্রী।