রাজবাড়ীতে বৃষ্টিতে কয়েক কোটি টাকার কাঁচা ইট নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী জেলার ইটভাটাগুলোতে দুই দিনের ভারী বৃষ্টিতে ভিজে কয়েক কোটি টাকার কাঁচা ইট নষ্ট হয়েছে। জেলা ইটভাটা মালিক সমিতির সূত্রে এ তথ্য জানা গেছে।

সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, গত ১০ ও ১১ মার্চ ভারী বৃষ্টি হয়। এতে এ জেলার প্রায় প্রতিটি ইটভাটায় প্রস্তুত করে রাখা কাঁচা ইট নষ্ট হয়েছে। অধিকাংশ ভাটার এসব কাঁচা ইট গলে মাটিতে মিশে গেছে। এ জেলায় সমিতির আওতাধীন ইটভাটা রয়েছে ৩০টি। এর বাইরে আরও বেশ কটি ইটভাটা আছে। বৃষ্টিতে গড়ে প্রতিটি ইটভাটার ৪ থেকে ৫ লাখ কাঁচা ইট নষ্ট হয়েছে। সমিতির আওতাভুক্ত ৩০টি ইটভাটায় অন্তত ১ কোটি ২০ লাখ ইট নষ্ট হয়েছে। প্রতিটি ইটের গড় মূল্য ৫ টাকা করে হলে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় সাড়ে ৪ কোটি টাকারও বেশি।

জেলা প্রশাসনের হিসাবমতে, এ জেলায় মোট ইটভাটার সংখ্যা ৬২টি। পরিবেশ অধিদপ্তরের হিসাবমতে, এ সংখ্যা ৭৩। সে হিসেবে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি।

গত সোমবার দুপুরে সরেজমিনে সদর উপজেলার ভাগলপুর এসআইবি ব্রিকসে দেখা যায়, পোড়ানোর জন্য প্রস্তুত করা কাঁচা ইটের সারির অনেক স্থানে বৃষ্টির পানি জমে আছে। পানিতে ভিজে হাজার হাজার কাঁচা ইট গলে মাটিতে মিশে গেছে। কয়েকজন শ্রমিক তা থেকে ব্যবহার উপযোগী কিছু ইট আলাদা করার চেষ্টা করছেন। আইয়ুব খাঁ ও নুরুল ইসলাম নামের দুজন শ্রমিক প্রথম আলোকে বলেন, সব ইট পলিথিনে ঢাকা সম্ভব হয়নি। যেগুলো পলিথিনে ঢাকা হয়েছিল, সেগুলোরও অনেক নষ্ট হয়েছে।

এসআইবি ব্রিকসের ব্যবস্থাপক আবদুল মান্নান বলেন, দুই দিনের বৃষ্টিতে তাঁদের প্রায় ৪ লাখ কাঁচা ইট ভিজে নষ্ট হয়েছে। তবে বৃষ্টিতে ভেজা ইটের মধ্য থেকে কিছু ব্যবহারের উপযোগী ইট আলাদা করা হবে।

একই এলাকার আরেকটি ইটভাটা এএসবি ব্রিকসের পরিচালক আকতার হোসেন বলেন, বৃষ্টির হাত থেকে রক্ষার জন্য পলিথিন দিয়েও ঠেকাতে পারেননি। এরপর পলিথিন অতিক্রম করে ঢেকে রাখা কিছু ইট ও খোলা স্থানে থাকা প্রায় ৪ লাখ কাঁচা ইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

গোয়ালন্দ উপজেলার উজানচর শ্রীদাম দত্ত পাড়ার ফ্যান ব্রিকসের স্বত্বাধিকারী, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম বলেন, ভারী বৃষ্টির কারণে জ্বালানি খরচ অনেক বেড়ে গেছে। কয়েক লাখ ইট ভিজে নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আকতারুজ্জামান হাসান বলেন, হঠাৎ ভারী বৃষ্টির কারণে ভাটার মালিকেরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন।