রাজবাড়ীতে বোমা হামলায় আ.লীগ নেতা আহত
রাজবাড়ী সদর উপজেলার হাটজয়পুর এলাকায় বোমা হামলায় জামাল উদ্দিন শেখ নামে আওয়ামী লীগের এক নেতা আহত হয়েছেন। গত রোববার রাতে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে বোমাটি ছোড়ে।আহত জামাল উদ্দিন শেখ (৪৮) ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সদস্য।জামাল উদ্দিন শেখ বলেন, ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। কয়েক দিন আগেও তাঁর মুঠোফোনে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির পরিচয় দিয়ে দুজন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সরাফত উল্লাহ বলেন, সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে জালের কাঠিসহ বোমা বিস্ফোরণের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে কারা এ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি।