রাজবাড়ীতে মাদক মামলায় কারাদণ্ড দুই নারীর
রাজবাড়ীতে পৃথক দুটি মাদক মামলায় দুই নারীর যথাক্রমে পাঁচ ও তিন বছর কারাদণ্ড হয়েছে। আদালতে গতকাল সোমবার এ রায় হয়।
দণ্ড পাওয়া দুজন হলেন গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়ার বাবুল শেখের স্ত্রী জমিলা বেগম ওরফে দাতি (৫১) ও সেলিম শেখের স্ত্রী মজিরন ওরফে মর্জিনা (৪৭)।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১১ সালের ১৩ জানুয়ারি রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে মজিরনকে আটক করে। এ সময় ওই বাড়ি থেকে পাঁচ গ্রাম হেরোইন ও হেরোইন বিক্রির ২১ হাজার ৮৫৩ টাকা উদ্ধার করা হয়। একই বছরের ৯ ফেব্রুয়ারি নিজ বাড়ি থেকে ১০ গ্রাম হেরোইনসহ আটক হন জমিলা। এ ঘটনায় গোয়ালন্দ থানায় পৃথক দুটি মামলা হয়। তদন্ত শেষে পুলিশের অভিযোগপত্র দাখিল ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে পাঁচ বছর পর রায় হলো।
রাজবাড়ীর প্রথম আদালতের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ সৈয়দ মাশফিকুল ইসলাম রায়ে মজিরনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর মামলায় জমিলা বেগমকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। পাশাপাশি জমিলার পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন তিনি।
উভয় মামলাতেই রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পিপি রফিকুল ইসলাম। আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এ বি এম আব্দুস ছাত্তার।