রাজবাড়ীতে মিঠু হত্যা মামলায় দুজন গ্রেপ্তার
রাজবাড়ীর ধুঞ্চি গ্রামে মিঠু হত্যা মামলার প্রধান দুই আসামি আখের আলী মোল্লা ও তাঁর স্ত্রী রুবিনা আক্তারকে শনিবার গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাঁচ-ছয় দিন ধরে নিখোঁজ থাকার পর আখের আলীর দোকানের কর্মচারী মিঠুর লাশ শনিবার সকালে ধুঞ্চি এলাকার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী আখের আলীর বাড়ি ভাঙচুর ও তাঁর ফাঁসির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। মিঠুর মা নাছিমা বেগম আখের আলী ও তাঁর স্ত্রী রুবিনা বেগমসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা করেন। পুলিশ নিজ বাড়ি থেকে শনিবার সকালে রুবিনাকে গ্রেপ্তার ও মামলা দায়ের করার পর সন্ধ্যায় থানা এলাকা থেকে আখের আলীকে গ্রেপ্তার করে। রাজবাড়ী বাজারের চাল ব্যবসায়ী আখের আলী জানান, মিঠু তাঁর দোকানে কাজ করত। তাকে দোকানে কাজ নেওয়ার পর নয়ন ও রাসেল নামের দুজন কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তারা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।