রাজবাড়ীতে যুদ্ধকালীন কমান্ডারকে নাগরিক সংবর্ধনা
রাজবাড়ীতে যুদ্ধকালীন থানা কমান্ডার মুক্তিযোদ্ধা চিকিৎসক কামরুল হাসান লালীকে গতকাল রোববার বিকেলে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা উপলক্ষে শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে বিকেল চারটার দিকে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া। সভা সঞ্চালনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আবুল কালাম। এতে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম নওয়াব আলী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল জলিল, ছাত্র ইউনিয়নের সভাপতি আবদুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা শেষে সংবর্ধিত ব্যক্তিসহ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের প্রাণপ্রিয় স্বাধীন দেশ, একটি মানচিত্র ও একটি পতাকা পেয়েছি। কিন্তু মুক্তিযোদ্ধারা এখনো নানাভাবে অবহেলার শিকার হচ্ছেন।