রাজবাড়ীতে যুবদল নেতা পিরোজপুরে ছাত্র খুন
রাজবাড়ীতে গত বৃহস্পতিবার যুবদলের একজন নেতা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। একই দিনে পিরোজপুরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক কলেজছাত্র।রাজবাড়ী পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক সুমন হক (২৬) রাজবাড়ী রেলওয়ে মাঠের মেলা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বিনোদপুর গ্রামে তাঁদের বাড়ি ফিরছিলেন। পথে পানবাজার এলাকায় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।এ ঘটনায় গতকাল শুক্রবার নিহত সুমনের বাবা ফজলুল হক মিলন খন্দকারসহ আটজনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেছেন। রাজবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, এজাহারভুক্ত চারজন আসামিকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হচ্ছে: এস এম অনিক, মানিক কাজী, মুক্তার হোসেন ও কাঁকন। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। পিরোজপুর সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের নতুনহাট বাজারে গত বৃহস্পতিবার বখাটেদের ছুরিকাঘাতে সোলায়মান আকন নামে এক যুবক নিহত হয়েছেন। সোলায়মান পার্শ্ববর্তী শংকরপাশা ইউনিয়নের কালিকাঠি গ্রামের হাবিবুর রহমান আকনের ছেলে ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র। সোলায়মানের চাচা লুৎফর রহমান আকন জানান, কয়েক দিন আগে হরিণা হাইস্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ হয়। ওই খেলায় অংশ নেওয়া শংকরপাশা ইউনিয়নের বাদোখালী গ্রামের তরুণেরা বৃহস্পতিবার বিকেলে নতুনহাট বাজারে গেলে খেলায় অংশ নেওয়া শারিকতলা ইউনিয়নের রানীপুর এলাকার তরুণেরা তাদের ওপর হামলা চালায়। ‘এ সময় আমার ভাতিজা সোলায়মান আকন তাদের থামানোর চেষ্টা চালায়। হামলায় রানীপুর এলাকার মহসীন মহাজনের ছেলে সোহেলসহ কয়েকজন আহত হয়। সোহেল আহত হওয়ার খবর পেয়ে তার বাবা লোকজন নিয়ে শনিরহাট বাজারে যায়। সেখানে মহসীন মহাজনের লোকজন সোলায়মানকে ছুরিকাঘাত করে। তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাত পৌনে নয়টার দিকে তিনি মারা যান।’ এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। এ মামলায় মহসীন মহাজন ও রুস্তম মহাজন নামের দুজনকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।