রাজবাড়ীতে লাঠির আঘাতে গোয়েন্দা কর্মকর্তা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠিসোটার আঘাতে আব্দুর রাজ্জাক (৫০) নামের এক গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন। গতকাল বৃহস্পতিবার সকালে জেলার কালুখালী উপজেলার বড় পাচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রাজ্জাক নারায়ণগঞ্জ জেলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি কালুখালীর সাওরাইল ইউনিয়নের বড় পাচুরিয়া গ্রামের বাড়িতে এসেছিলেন। তাঁর স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে আছে।হত্যার ঘটনায় জড়িত সন্দেহে রবিউল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বড় পাচুরিয়া গ্রামবাসীর ভাষ্য মতে, পাশের মৃগী ইউনিয়নের চাঁদমৃগী বাজারের পাশের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্জাকের সঙ্গে চাঁদমৃগী গ্রামের হাসেম আলী মণ্ডলের বিরোধ চলছিল।নিহত রাজ্জাকের ভাতিজা খায়রুল হাসান প্রথম আলোকে বলেন, ছয় মাস আগে রাজ্জাক চাঁদমৃগী গ্রামে নয় শতাংশ জমি কেনেন। জমিটি ভরাট করার প্রস্তুতি হিসেবে গতকাল সকাল পৌনে সাতটার দিকে তিনি তিনজন আত্মীয় নিয়ে জমির কাছে যান। সেখানে তাঁর জমিতে একটি ছাপরাঘর দেখা যায়। ওই ঘরে হাসেম আলী মণ্ডলের লোক জালাল মিয়া, জিরু মিয়াসহ ১০-১২ জন অবস্থান করছিলেন। তাঁরা ওই জমি নিজেদের বলে দাবি করেন। রাজ্জাক তাঁদের জমির কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেন। খায়রুল বলেন, এ কথায় ক্ষুব্ধ হয়ে জালাল মিয়া, জিরু মিয়াসহ ১০-১২ জন লাঠিসোটা নিয়ে রাজ্জাকসহ অন্যদের ওপর হামলা চালান। এতে রাজ্জাকসহ চারজন আহত হন। আহতদের প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাজ্জাকের মৃত্যু হয়। আহত অন্য তিনজন হলেন রাজ্জাকের ভাই মো. শহীদ, ভাতিজা চিকিৎসক গোলাম নবী (২৬) ও গোলাম নবীর মামা শাহজাহান (৩৫)। এর মধ্যে গোলাম নবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে রাজ্জাকের মৃত্যুর খবর পেয়ে ক্ষুব্ধ জনতা গতকাল হাসেম আলী মণ্ডলের বাড়ির সাত-আটটি ঘরের মূল্যবান জিনিসপত্র ও ১১টি গরু লুট করে। পরে তারা হাসেমের বাড়ি ও বাজারে চালের দোকানে আগুন ধরিয়ে দেয়। রাজবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। র‌্যাব ও পুলিশ এলাকা টহল দিচ্ছে। এসআই রাজ্জাকের ময়নাতদন্ত শেষে বিকেলে তাঁর মরদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।যোগাযোগ করা হলে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এসআই রাজ্জাককে হত্যার ঘটনায় রাজবাড়ী পুরাতন জেলখানার পাশ থেকে গতকাল বিকেলে চাঁদমৃগী গ্রামের রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।রাজবাড়ীর পুলিশ সুপার রেজাউল হক প্রথম আলোকে বলেন, বড় পাচুরিয়া ও চাঁদমৃগী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।