রাজবাড়ীতে লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর থানার পুলিশ গত শুক্রবার দুপুরে ব্রাহ্মণদিয়া গ্রামের একটি কলাবাগান থেকে আলমগীর তালুকদার (২৩) নামের এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ব্রাহ্মণদিয়া গ্রামের পূর্বপাড়ার স্থানীয় মান্নান তালুকদারের কলাবাগানে একটি লাশ পড়ে থাকতে দেখে দুটি শিশু গ্রামবাসীকে জানায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। গ্রামবাসী জানান, আলম নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার সর্বহারা পার্টির সঙ্গে জড়িত। কিছুদিন ধরে তিনি সর্বহারাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিদেশে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। সম্ভবত এ কারণে গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় চরমপন্থী দলের সন্ত্রাসীরা তাঁকে পেটে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। রাজবাড়ী সদর থানার ওসি মুহা. সরাফত উল্লাহ বলেন, আলমের মা রেজিয়া বেগম মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ গত শুক্রবার দুপুরের দিকে ব্রাহ্মণদিয়া গ্রামের ফজলু বেপারী (৩০) ও বিকেলে গাজী বিল্লাল হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।