রাজবাড়ীতে শিশু বলাৎকারের শিকার কিশোর গ্রেপ্তার
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে বলাৎকার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ গতকাল শনিবার দুপুরে ১৭ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে।
গতকাল শিশুটির বাবা বলেন, গত ৭ ডিসেম্বর তাঁর ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে যায় তাঁদের প্রতিবেশীর ছেলে। এ সময় প্রতিবেশীর বাড়িতে কেউ ছিল না। অভিযুক্ত কিশোর একটি কক্ষে আটকে রেখে তাঁর শিশুকে বলাৎকার করে। এ সময় শিশুটি চিৎকার করলে তাঁর স্ত্রীসহ পরিবারের অন্যান্য লোকজন প্রতিবেশীর বাড়িতে যান। তখন অভিযুক্ত কিশোর সেখান থেকে পালিয়ে যায়।
এদিকে এলাকার প্রভাবশালী লোকজনের বাধায় তিনি তাঁর শিশুকে হাসপাতালেও নিয়ে যেতে পারছিলেন না। পরে ৯ ডিসেম্বর শিশুটিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
শিশুটির বাবা আরও বলেন, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা অভিযুক্ত কিশোরের পক্ষ নেন। তাঁদের হুমকির মুখে তিনি বিষয়টি আপস করার চেষ্টা করেন। মীমাংসার জন্য বসলেও সেখানে অভিযুক্ত কিশোর উপস্থিত ছিল না। তাই কোনো আপস হয়নি। পরে গতকাল শনিবার তিনি থানায় মামলা করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এলাকায় বিষয়টি আপসের চেষ্টা চলছিল। কিন্তু আপস না হওয়ায় গতকাল সকালে শিশুটির বাবা বাদী হয়ে একজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলা করার পর পুলিশ অভিযুক্ত কিশোরকে এলাকা থেকে গ্রেপ্তার করে। আজ রোববার তাঁকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে।