রাজবাড়ীতে শিশু হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড
রাজবাড়ীতে শিশু হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওসমান হায়দার এই রায় দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন রঞ্জন সরকার ওরফে রক্তিম (২৫) ও রাসেল (২৮)। তাঁদের বাড়ি রাজবাড়ী শহরের সজ্জনকান্দার টিঅ্যান্ডটি পাড়া এলাকায়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রনির (২৬) বাড়ি চরনারায়ণপুর গ্রামে। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্তদের বন্ধু।
মুক্তিপণের জন্য ২০১৩ সালের ডিসেম্বরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিফাত হোসেনকে অপহরণের পর হত্যা করা হয়। ওই হত্যার দায়ে গতকাল আদালত এই সাজা দিয়েছেন। রিফাতের বাবা মুক্তার হোসেন মণ্ডল সৌদিপ্রবাসী ছিলেন। সাজাপ্রাপ্ত রনি রিফাতদের প্রতিবেশী।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ৬ ডিসেম্বর রিফাত প্রাইভেট পড়ে শহর থেকে বাড়ি যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়। অপহরণের পর রিফাতের বাবার কাছে মুঠোফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আসামিরা। অপহরণের রাতেই শিশুটিকে কোমল পানির সঙ্গে ওষুধ খাইয়ে অচেতন করার পর শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর রিফাতের লাশ বস্তাবন্দী করে রক্তিমের বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে দেওয়া হয়।
প্রযুক্তির সাহায্যে পুলিশ প্রথমে রক্তিমকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যানুযায়ী লাশ উদ্ধার করে। রিফাতের বাবা ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তিনজনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
রিফাতের পরিবার মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সরকারি কৌঁসুলি খন্দকার হাবিবুর রহমান বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলার রায়ে রাষ্ট্র ও ক্ষতিগ্রস্ত উভয় পক্ষ সন্তুষ্ট।
রক্তিমের বাবা রণজিত সরকার বলেন, তিনি পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে আলোচনা করার পর আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।