রাজবাড়ীতে সাবেক ইউপি সদস্য নিখোঁজ
রাজবাড়ী সদর উপজেলার একজন সাবেক ইউপি সদস্য ২৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবার বলছে, তিনি অপহরণের শিকার হয়েছেন। মুঠোফোনে পরিবারটির কাছে তিন লাখ টাকা দাবি করা হয়েছে।
অপহরণের শিকার ব্যক্তির নাম গোপাল চন্দ্র সাহা (৫০)। পেশায় কাঠ ব্যবসায়ী গোপালের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রামনগর গ্রামে। তিনি সুলতানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডে আগের মেয়াদে সদস্য ছিলেন। এবার নির্বাচন করলেও পরাজিত হন।
পরিবার সূত্রে জানা যায়, দুই সন্তানের জনক গোপাল গত ২০ অক্টোবর অপহরণের শিকার হন। এ ঘটনায় ২৫ অক্টোবর গোপালের স্ত্রী কৃষ্ণা রানী সাহা রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
কৃষ্ণা রানী সাহা বলেন, গত ২০ অক্টোবর বিকেলে তাঁর স্বামী পার্শ্ববর্তী সাইলকাঠি গ্রামের এক ব্যক্তির সঙ্গে কথা বলে বাড়ি ফিরছিলেন। মাঝপথে দুই অপরিচিত ব্যক্তি ‘কথা আছে’ বলে তাঁদের মোটরসাইকেলে তুলে নিয়ে ফরিদপুরের কৃষ্ণনগর ইউনিয়নের সদরদি বাজারের দিকে নিয়ে যায়। এরপর থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে না পেয়ে তিনি পুলিশের শরণাপন্ন হন। এত দিনেও স্বামীকে ফিরে না পাওয়ায় তিনি আতঙ্কের মধ্যে রয়েছেন।
ছেলে সজল সাহা বলেন, ৮ নভেম্বর রাত পৌনে দুইটার দিকে তাঁর মুঠোফোনে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। এ সময় তাঁর বাবার মুক্তির জন্য তিন লাখ টাকা দাবি করা হয়। পরের দিন সকালে আরেকটি নম্বর থেকে ফোন করে দ্রুত এক লাখ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলা হয়। তবে পরে আর যোগাযোগ হয়নি। তিনি জানান, তাঁর দাদাবাড়ি ফরিদপুরে। সেখানে তাঁদের জমি নিয়ে একটি মামলা চলছে। এ ছাড়া অন্য কারও সঙ্গে তাঁদের কোনো শত্রুতা নেই।
সুলতানপুর ইউপির চেয়ারম্যান আবদুর রাজ্জাক মিয়া একই কথা বলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের জানামতে, গোপালের কোনো শত্রু নেই। সে নিরিবিলিভাবে জীবন যাপন করে। তবে পৈতৃক সম্পত্তি নিয়ে ফরিদপুরে একটি মামলা চলমান।’
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার মিয়া বলেন, গোপালের অবস্থান জানার চেষ্টা করছে পুলিশ। এ জন্য মুঠোফোনের কল-তালিকা বের করা হয়েছে। আশা করা হচ্ছে অল্প সময়ের মধ্যেই তাঁকে খুঁজে পাওয়া যাবে।